কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের আওতাধীন এলাকায় পাহাড়ের বালি অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ধলিয়ারছড়ি খালের পাশে ড্রেজার মেশিনের সাহায্যে পাহাড়ের বালি উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি অভিযানকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে দলটি বালি উত্তোলনের ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে ঘটনাস্থল থেকে বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।
বন বিভাগের একাধিক রেঞ্জ ও বিশেষায়িত বাহিনীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ এবং কক্সবাজারের স্পেশাল টীমের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, পাহাড় কেটে বা পাহাড়ি এলাকার বালি অবৈধভাবে উত্তোলন করলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিক্ষয়, পাহাড়ধস এবং আশপাশের জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে পাহাড়ি ছড়া ও খালসংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হলে প্রাকৃতিক পানিপ্রবাহ ও ভূমির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনা জরুরি বলে মনে করছেন পরিবেশসচেতন ব্যক্তিরা।
তাঁদের মতে, বনভূমি ও পাহাড়ি প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বন বিভাগ জানিয়েছে, বনভূমি, পাহাড় ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
