অনলাইন ডেস্ক
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর আগে এনসিপি, যুবদল ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
একই দিন বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বাহুবল উপজেলার রশীদপুর এলাকায় পুলিশ তাদের গাড়িবহরের গতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দীর্ঘ আলোচনার পর এনসিপি তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে।
পরবর্তীতে হামলার ঘটনায় মামলা দায়েরের উদ্দেশ্যে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে থানায় যাওয়ার অনুমতি না দিয়ে নিরাপত্তার স্বার্থে কামাইছড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করে পুলিশ।
সেখানে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য সদর থানায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
