ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে গুলিতে শুক্রবার দুই ইসরায়েলি সেনা নিহতের পর ওই এলাকায় সামরিক অভিযান, অবরোধ ও জোরপূর্বক উচ্ছেদ চালানো হচ্ছে। শহরটির আল-জালদা ও আইন দেইর বাহা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। শহরের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ায় বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। শত শত বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি কয়েক ডজন বাড়িকে জিজ্ঞাসাবাদকেন্দ্রে পরিণত করা হয়েছে। পশ্চিম তীরের অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ ফিলিস্তিনিকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে ফিলিস্তিনি বন্দিবিষয়ক একটি মানবাধিকার সংগঠন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চলমান তৎপরতার অংশ হিসেবে পুরো জনপদ থেকে মানুষকে উচ্ছেদ, বাড়িঘর ও স্থাপনা ধ্বংস এবং ফিলিস্তিনি শহরগুলো অবরুদ্ধ করা হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছে তারা।
এদিকে গাজা নগরীর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। অন্যদিকে সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘর্ষের পাশাপাশি বিমান হামলাও চলছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার হুমকির মধ্যে পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, কোনো পরিস্থিতিতেই মার্কিন সামরিক জাহাজকে উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে আগামী সপ্তাহে রাশিয়ার মস্কো সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
আল-জাজিরাকে হেবরনের মেয়র ইউসেফ আল-জাবারি জানিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর সমষ্টিগত শাস্তি আরোপের নীতিতেই ইসরায়েল এ অভিযান চালাচ্ছে। হেবরনের বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হেবরনভিত্তিক ফিলিস্তিনি অধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ইসা আমরো আল-জাজিরাকে বলেন, পুরো গভর্নরেটের প্রায় আট লাখ ফিলিস্তিনি এখন অবরুদ্ধ। সকাল থেকে শহরের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
আল-জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের অন্তত ১৫টি এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে। এসব এলাকার মধ্যে উত্তরে জেনিন ও নাবলুস, মধ্যাঞ্চলে রামাল্লা, আল-বিরেহ, বিরজেইত ও অধিকৃত পূর্ব জেরুজালেম এবং দক্ষিণে বেথলেহেম রয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার পূর্বদিকে ইয়ারবুদ ও আল-মুগাইয়ির গ্রামে ইসরায়েলি দখলদাররা হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে, দখলদাররা গ্রাম দুটিতে প্রবেশ করে ফিলিস্তিনিদের কৃষিজমিতে ভেড়া চরিয়েছে এবং ফসলের ক্ষতি করেছে।
ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে পশ্চিম তীরে নিরাপত্তা পরিস্থিতি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। নেতানিয়াহু, তার লিকুদ পার্টি এবং ডানপন্থি জোটের শরিকরা জনমত জরিপে পিছিয়ে রয়েছেন। এ পরিস্থিতিতে হেবরনে সাম্প্রতিক হামলার পরবর্তী পরিস্থিতিকে নির্বাচনী প্রচারে কাজে লাগানোর চেষ্টা করছেন তারা বলে মন্তব্য করেছেন আল-জাজিরার প্রতিবেদক নূর ওদেহ।
নেতানিয়াহু বলেছেন, নির্বাচনে জয়ী হলে তারা অভিযান শেষ করবেন। তার ভাষ্য, কাজের ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে; এখন তা পুরোপুরি শেষ করতে হবে। এর অর্থ, ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো এবং হামাস ও হিজবুল্লাহকে পুরোপুরি পরাস্ত করা।
এদিকে, ইয়েমেনে হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাতের মধ্যেই সৌদি আরবের দুটি শহর লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে জোটটি। জোটের মুখপাত্র জানিয়েছেন, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফ ও ইয়ানবুর দিকে যাচ্ছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে।
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জেদ্দা, তাইফ, ইয়ানবু ও মক্কা শহরের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করেছিল।
ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আবার বেড়েছে।
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় সৌদি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের গণমাধ্যম। শনিবারের এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেছে তারা।
অন্যদিকে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের বন্দরনগরী মোখায় সরকারি বাহিনীর যুদ্ধবিমান থেকে ধারাবাহিক পাঁচটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মাঠপর্যায়ের একটি সূত্র।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি শনিবার বলেছেন, কোনো পরিস্থিতিতেই এবং কোনো সময়েই মার্কিন সামরিক জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। সেই স্বপ্ন নিয়েই তাকে কবরে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি বাড়ার মধ্যে তেহরান এ অবস্থান জানাল। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সতর্ক করে বলেছেন, ইরান দুর্বল হয়ে পড়লে যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালাতে পারে। এ ধরনের হামলার সম্ভাবনা রয়েছে কিনা, এমন প্রশ্নে তিনি ইতিবাচক মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফর করবেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে দ্য নিউ আরব ও বিভিন্ন সংবাদ সংস্থা।
ইরানের তাসনিম সংবাদ সংস্থা দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত কাজেম জালালির বরাত দিয়ে জানিয়েছে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেজেশকিয়ান রাশিয়া যাবেন। সম্মেলনটি ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
