ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নস্থ উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাও তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।
মাদরাসার উন্নয়ন প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, মেধাবীদের উৎসাহ প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী বলেন, নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গভর্নিং বডি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় মাদরাসাটিকে আরও উন্নত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মো.তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় মাদরাসার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি আবু মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সী, অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যসচিব আলহাজ্ব ছালেহ আহমাদ আনছারী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ তৌহিদুল আলম, অভিভাবক সদস্য আবু মোহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ তাজুল ইসলাম ও মো. নেজামুল হক; দাতা সদস্য মো. দিদারুল আলম মুন্সী; শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ হোসেন, শামসুন নাহার ও মো. সাইফুদ্দীন এবং চিকিৎসক সদস্য ডাঃ মো.আজম খান, মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আল্লামা জসিম উদ্দিন আল কাদেরি, নাংগলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, সিনিয়র শিক্ষক নুরুল আবছার, হারুন উর রশিদ, ছাত্র নেতা মনিরুল আলম জনি, শরিফুল ইসলাম তুহিন, তকিবুল হাসান চৌধুরী তকি, জিএম সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন রশিদ মামুন, গিয়াসউদ্দীন মাহমুদ, বকতেয়ার ইসলাম বাচ্চু, রবিউল আলম বুলবুল, নজরুল ইসলাম, ইমরানসহ মাদরাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ রোপন ও চারা বিতরণ, উপজেলার চৌধুরীহাটস্থ পল্লী মঙ্গল সমিতি মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ এর উদ্যোগে পূজার উপহার বিতরণ, ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় উৎসব ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পূজা মন্ডপ সমূহে জি আর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

