দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির রাজনীতি আওয়ামী লীগ করত বলে মন্তব্য করেছেন ফাহাম আব্দুস সালাম। তাঁর দাবি, বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে বাধা দেওয়ার মতো সাম্প্রদায়িক মনোভাব নেই। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নতুন করে বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাষ্ট্রপতির জামাতা ও বিএনপিপন্থি অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত ফাহাম আব্দুস সালাম।
পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশে আওয়ামী আমলে একটা ভয় কাজ করতো যে দুর্গাপূজা এলে এই বুঝি একটা গ্যাঞ্জাম লাগবে। বাংলাদেশের সাধারণ মুসলমান কখনোই এই পর্যায়ের সাম্প্রদায়িক ছিল না যে হিন্দুরা পূজা করতে পারবে না। এই শয়তানিটা আওয়ামীরাই করতো এবং এটাই ছিল তাদের রাজনীতি।”
ফাহাম আরও লেখেন, ৯/১১-এর ঘটনা পরিণত বয়সে দেখা ব্যক্তিদের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের নিয়ে একধরনের উদ্বেগ কাজ করে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়।
এবার নিরাপদ ও আনন্দময় দুর্গাপূজা আয়োজনের জন্য সরকার ও বাংলাদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া বক্তব্যে ফাহাম দাবি করেন, আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা করেনি, বরং রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তাঁর ভাষ্য, দেশের সাধারণ মুসলমানদের নিয়ে হিন্দু সম্প্রদায়ের অযথা ভীত থাকার প্রয়োজন নেই।
পোস্টে তিনি আরও লেখেন, হিন্দু সম্প্রদায়ের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ভূমিকা রাখতে পারবে বলে তিনি মনে করেন। তবে এ জন্য বিএনপির পক্ষ নেওয়া জরুরি নয় বলেও উল্লেখ করেন তিনি।
ফাহাম লেখেন, দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং ধর্মীয় সহিষ্ণুতা বাড়বে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এ লক্ষ্য অর্জনে এখনো পুরোপুরি সফল বলা যায় না, তবে তাঁদের সদিচ্ছা রয়েছে।
পোস্টের শেষাংশে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে তিনি লেখেন, “আমরা নিজেরা নিজেদের হেল্প করলে অনেক কিছুই সম্ভব। যা আগে হয় নাই-এমন না যে কখনোই হবে না।”
এমএ
