ইয়েমেন সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে বিলম্ব না করে দ্রুত ও মারাত্মক সামরিক পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির রাজনৈতিক শাখার উচ্চপর্যায়ের নেতা মোহাম্মদ আল-বুখাইতি স্পষ্ট করেছেন, মার্কিন বাহিনী ইয়েমেনের ভূখণ্ডে কোনো আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব ধরনের মার্কিন স্থাপনা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আল-বুখাইতি বলেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসনে লিপ্ত হয়, তবে পাল্টা জবাবের কৌশল নির্ধারণে তারা কোনো সময় নষ্ট করবেন না। একইসঙ্গে সৌদি আরবের তেল সংশোধনাগার, বিমানবন্দর ও কৌশলগত স্থাপনাগুলোকে ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। বুখাইতির মতে, এসব হামলার মূল উদ্দেশ্য হলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই বার্তা দেওয়া যে নিরাপদ দূরত্বে অবস্থান করে ইয়েমেনে আগ্রাসন চালানোর দিন শেষ।
উলেখ্য, সম্প্রতি আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তেই গত জুলাই থেকে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে ভয়াবহ আকার ধারণ করে। বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র অস্থিরতার মধ্যেই হুথিরা সৌদির তেল ট্যাঙ্কার, পরিবহন ব্যবস্থা ও বিমানবন্দরগুলো লক্ষ্য করে একের পর এক প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর সোমবার রাতেও রিয়াদ ও খামিস মুশাইতের দিকে ধেয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট।
সৌদি ভূখণ্ডে হুথিদের এমন ধারাবাহিক হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পর হুথিবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিতের পরপরই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাল্টা হামলার এই বড় হুমকি দিল হুথিরা।
The post সৌদির পর এবার যুক্তরাষ্ট্রকে হুতিদের হুমকি: মার্কিন স্থাপনায় হামলার বার্তা appeared first on Mohona Tv.
