কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ২২ শিশুকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গুণবতী ইউনিয়নের নারায়ণপুর জামে মসজিদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, গুণবতী ইউনিয়নের নারায়ণপুর ও দশবাহা দক্ষিণপাড়ার প্রবাসীদের অর্থায়নে এবং নারায়ণপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশুদের জন্য ৪০ দিনব্যাপী জামাতে নামাজ আদায়ের এই প্রতিযোগিতার ঘোষণা করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে এলাকার মুরব্বিদের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যেও জামাতে নামাজ আদায়ের প্রতি ব্যাপক উৎসাহ তৈরি হয়। প্রতিযোগিতায় মোট ২২ জন শিশু নিয়মিত অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে গতকাল নারায়ণপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা আবুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবদুল বাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, পরশুরাম মির্জানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী সেরা তিন শিশুকে পুরস্কার হিসেবে বাইসাইকেল, টেবিল ফ্যান ও ডিনার সেট প্রদান করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সব শিশুকে উৎসাহস্বরূপ স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
