দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। চলতি অক্টোবর মাসের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১৯ জন। আর চলতি বছর এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এ সময়ে রোগটিতে ৪১৩ জনের মৃত্যু হয়।
এ ছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে প্রাণ হারান ৫৭৫ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমএ
