কালবেলা · আন্তর্জাতিক
ভারতের কেরালায় গাড়িচাপায় ৩ জনের মৃত্যু
১২/১০/২০২৬

ভারতের কেরালার কোচির কাছে দ্রুতগতির মিনি কুপার গাড়ির ধাক্কায় তিন তরুণের মৃত্যুর ঘটনায় আলোচনা শুরু হয়েছে।
দুর্ঘটনার এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছেলের জন্মদিনে তাকে বিলাসবহুল গাড়িটি উপহার দেওয়ার কথা জানিয়েছেন তার মা। সোমবার (১২ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত তরুণের নাম সুহাইল সাজিভ। রোববার (১১ অক্টোবর) ভোরে কেরালার এরনাকুলাম জেলার নেদুম্বাসেরির কাছে তিন শিক্ষার্থীকে বহনকারী একটি স্কুটারে ধাক্কা দেয় তার গাড়ি। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। পরে সুহাইলকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহতরা হলেন দেবিকা (২১), গোপিকা (২২) ও ইজাজ (২১)। পুলিশের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ১টা ৪৫ মিনিটে বিমানবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় পেছন থেকে দ্রুতগতির গাড়িটি স্কুটারে ধাক্কা দেয়। এতে তিনজন সড়কে ছিটকে পড়েন। গাড়িটি স্কুটারটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলেই দেবিকা ও গোপিকার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান ইজাজ।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সুহাইলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সুহাইলের মা বলেন, মিনি কুপার গাড়িটি তার ছেলের দীর্ঘদিনের শখ ছিল। সেই ইচ্ছা পূরণ করতেই তাকে গাড়িটি কিনে দেন তিনি। নিজের জন্মদিনের সময় ডিসেম্বরে গাড়িটি কেনার কথা ভাবলেও পরে ছেলের জন্য উপহারটি কেনার ব্যবস্থা করেন।
এদিকে, সুহাইলের ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর দৃশ্য রয়েছে এমন ভিডিওও পুলিশের হাতে এসেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর সুহাইলের কথিত কিছু মন্তব্য নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি বলেছিলেন, ‘রাস্তা কীসের জন্য? গাড়ি চালানোর জন্য, তাই না?’ তার বাবা বিষয়টি সামলে নেবেন বলেও মন্তব্য করেছিলেন বলে জানা গেছে।
কেরালার আবগারি বিভাগের মন্ত্রী এম লিজু দুর্ঘটনার আগে সুহাইলকে মদ পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ ওঠা বারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যটিতে মদ্যপানের ন্যূনতম বয়স ২৩ বছর। সুহাইলের বয়স ১৯ হওয়ায় তাকে মদ পরিবেশন করা হয়ে থাকলে তা বেআইনি হবে।
সূত্র: এনডিটিভি
মূল প্রতিবেদনে যান ↗