শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
লাখাইয়ে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে যুবক আটক
- আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামে একটি বিয়েবাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছে। পানি খাওয়ার ছলে বিয়ে বাড়িতে প্রবেশ করে আইফোন ও নগদ টাকা চুরি করে পালানোর সময় আবুল হুসেন নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।
গতকাল ২৩ অক্টোবর লাখাইয়ের বামৈ ইউনিয়নের বামৈ পূর্বগ্রামের একটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিয়েবাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রী ও মেহমানদের আপ্যায়ন এবং খাওয়া-দাওয়ার ব্যস্ততার সুযোগ নেয় চোর আবুল হুসেন। সে প্রথমে পানি খাওয়ার কথা বলে কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর সবার অজান্তে ঘরে ঢুকে বরের ব্যবহৃত দুটি মূল্যবান আইফোন এবং নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।
ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির লোকজনের মনে সন্দেহ জাগে এবং চুরির বিষয়টি তারা টের পেয়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে আবুল হুসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে বিয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। পরবর্তীতে তাদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে ফেলেন। আটক করার পর উত্তেজিত জনতা তাকে একটি গাছের সাথে বেঁধে রাখেন।
আটককৃত চোরের নাম আবুল হুসেন। সে পাশের মুড়িয়াউক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটককৃত চোর বর্তমানে এলাকাবাসীর হেফাজতে রয়েছে এবং চোরাইকৃত আইফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


