ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় ট্রেনটির ঢাকা অভিমুখে যাত্রা শুরুর কথা থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রা শুরু করতে পারেনি।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ে যাত্রা শুরুর কথা থাকলেও ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিন কখন সচল হবে এবং ট্রেনটির যাত্রা কখন শুরু হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, আখাউড়া থেকে একটি রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। রিলিফ ইঞ্জিনটি পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেনটির যাত্রা শুরু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এতে ট্রেনটির শিডিউল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
