আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আনন্দে মিশল মানবতার বার্তা! বৌভাতের অনুষ্ঠানে ভোজের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করলেন নবদম্পতি। মাসুদ ও সোহানা মণ্ডলের এই উদ্যোগে সাড়া দিয়ে রক্তদান করলেন শতাধিক রক্তদাতা।
নতুন জীবনের শুরুতেই সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিলেন তাঁরা। সাধারণত, বিয়ে মানেই আলোর রোশনাই, আত্মীয়-স্বজনের ভিড়, আনন্দ-উৎসব আর এলাহি আয়োজন।
কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে নজির গড়ল নদিয়ার চাপড়া। নবদম্পতির বৌভাতের অনুষ্ঠানে শুধু এলাহি আয়োজন নয়, গুরুত্ব পেল মানুষের জীবন বাঁচানোর অঙ্গীকারও।
এক অভিনব উদ্যোগ নিলেন নবদম্পতি মাসুদ মণ্ডল ও তাঁর স্ত্রী সোহানা মণ্ডল। নতুন জীবন শুরু করার আগে রক্তদানের মতো মহৎ উদ্যোগকে সামনে রেখে সমাজের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিলেন তাঁরা।
তাঁদের এই উদ্যোগে বৌভাতের অনুষ্ঠান হয়ে উঠল আরও অর্থবহ। যেখানে উৎসবের আনন্দের পাশাপাশি জায়গা করে নিল মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
জানা গিয়েছে, মাসুদ মণ্ডল দীর্ঘদিন ধরেই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। রক্তের অভাবে যখন কোনও রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন রক্তের সন্ধানে ছুটে যাওয়া থেকে শুরু করে হাসপাতালে গিয়ে রক্তদানের মতো কাজে তাঁকে বহুবার দেখা গিয়েছে।
মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোই তাঁর কাছে মানবসেবার অন্যতম মাধ্যম। আর সেই মানবসেবার মানসিকতাকেই এবার নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে আরও বড় পরিসরে তুলে ধরলেন তিনি।
https://youtu.be/JwFdq_tA9cE?si=3QkNYyh3xTaQ6cYQ
বিয়ের পর নতুন সংসার শুরুর মুহূর্তে স্ত্রী সোহানাকে পাশে নিয়ে রক্তদানের এই উদ্যোগ যেন তাঁর দীর্ঘদিনের সামাজিক কাজেরই এক নতুন অধ্যায়। ব্যক্তিগত জীবনের আনন্দকে কীভাবে বৃহত্তর সমাজের কল্যাণে কাজে লাগানো যায়, সেই দৃষ্টান্তই তুলে ধরলেন মাসুদ ও সোহানা।
