লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোনে গেম খেলার সময় ভয়াবহ বিস্ফোরণে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামে দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের খেঁজুরতলা এলাকায় একটি বিলের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহত রুবেল ওই গ্রামের কবির হোসেনের ছেলে এবং সাকিল একই এলাকার আব্দুল মতিনের ছেলে। তারা সম্পর্কে প্রতিবেশী ও বন্ধু। আহতদের মধ্যে চোখে গুরুতর আঘাত পাওয়ায় রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং সাকিলকে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিলের পাশে বসে দুই বন্ধু মোবাইলে গেম খেলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্থানীয়দের ধারণা, দীর্ঘসময় গেম খেলার কারণে মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। স্থানীয় মনির সাকিব জানান, বিলের পাশে বসে গেম খেলার সময় ‘রেডমি’ ব্র্যান্ডের একটি মোবাইল বিস্ফোরিত হয়ে তারা আহত হন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশ। তিনি জানান, রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি।