ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্যসহ বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছে দুদুক।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টায় হাসপাতালটিতে অভিযানপরবর্তী এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান জেলা দুদকের সহকারী পরিচালক মো. মুস্তাফিজ। এ সময় দুদকের তিন সদস্যের একটি দল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দুদক কর্মকর্তা মো. মুস্তাফিজ জানান, হাসপাতালের বিভিন্ন সময়ে কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রায় আট কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার না করার বিষয়টি চিহ্নিত করা হয়। এ ছাড়া ক্যানসার রোগীদের জন্য কেনা ১৪ কোটি টাকার লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। যা এখনও অবকাঠামো না থাকার কথা বলে ব্যবহার করার জন্য বাক্স থেকে খোলাই হয়নি। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা করতে না পারা এবং সরকারি পাঁচটি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও রোগীদের অ্যাম্বুলেন্সের সেবা ব্যহত হচ্ছে।
দুদক জানায়, গতকাল ১২ অক্টোবর জেলা দুদকের আট সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গভাবে তুলে ধরে জমা দেওয়া হবে বলে জানানো হয়।
সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর
১১ অক্টোবর ২০২৬
০৭ অক্টোবর ২০২৬
২৫ সেপ্টেম্বর ২০২৬
