জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার দীর্ঘসময় রাজশাহী ও গাইবান্ধার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে আজ শুক্রবার টানা ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়া পাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকা।
এদিকে শুক্রবার টানা ৫ ঘণ্টা গাইবান্ধার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নেসকো গোবিন্দগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পলাশবাড়ী ১৩২/৩৩ কেডি গ্রিড উপকেন্দ্র থেকে আগত নেসকো গোবিন্দগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ দপ্তরের একমাত্র গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের নিকটবর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য নেসকো গোবিন্দগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
