হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং তেলের উচ্চ পরিবহণ খরচ কমাতে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার ওপর দেওয়া শিথিল করার কথা ভাবছে মার্কিন প্রশাসন। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম এক ডলারের বেশি কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ২ সেন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৯৪ ডলার ০৭ সেন্টে নেমে এসেছে। এর মধ্য দিয়ে গত কার্যদিবসের ঊর্ধ্বমুখী ভাব কাটিয়ে তেলের বাজার কিছুটা নিম্নমুখী হলো।
এর আগে গত বুধবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা এবং হরমুজ প্রণালিতে নতুন কৌশলে জাহাজ টার্গেট করার ইরানি ঘোষণার পর ডব্লিউটিআই ক্রুড তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছিল। সামুদ্রিক কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় একটি কন্টেইনার জাহাজ ও একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে।
গত ১০ দিন ধরে জলপথটিতে হামলা ব্যাপকভাবে বেড়েছে। বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং গত মাসে প্রবর্তিত কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের হামলা আরও জোরদার করার কথা জানিয়েছে ইরান।
এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি পরিবহণ খরচ রেকর্ড উচ্চতায় পৌঁছায়, তা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা বুধবার জানিয়েছেন, রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার তেল বহনকারী ‘শ্যাডো ফ্লিট’ বা নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
এর পাশাপাশি রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ৬৩ হাজার ব্যারেল বেড়ে ৮৪ লাখ ৩০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানিও সেপ্টেম্বরে দৈনিক ৪৪ লাখ ব্যারেল বেড়ে প্রাক-যুদ্ধ স্তরের প্রায় ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল
০৮ অক্টোবর ২০২৬
০৬ অক্টোবর ২০২৬
৩০ সেপ্টেম্বর ২০২৬
