Published on
:
1 min read
এই সময়: এ বার মানবদেহে থাবা বসাল প্রাণঘাতী শামোন্ডা ভাইরাস। সম্প্রতি ফ্রান্সে এক ষাটোর্ধ্ব ব্যক্তির শরীরে ওই ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছে। চলতি মাসের গোড়াতেই তাঁর মৃত্যু হওয়ায় ফরাসি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
তবে এই ভাইরাসের সংক্রমণেই ওই ব্যক্তির মৃত্যু কি না, খতিয়ে দেখছে ফ্রান্সের স্বাস্থ্য দপ্তর। তাদের প্রাথমিক অনুমান, চলতি বছরের গ্রীষ্মের মরশুমে পূর্ব ফ্রান্সে গবাদি পশুর মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই ওই ব্যক্তির শরীরেও তা সংক্রামিত হয়েছিল।
সংবাদসংস্থার রিপোর্টে দাবি, শামোন্ডা ভাইরাসে মৃত্যুর ঘটনায় ইউরোপীয়ান সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখনই সাধারণ মানুষের জন্য ওই ভাইরাস থেকে ঝুঁকি নেই বলে মনে করছেন তাঁরা। জানা গিয়েছে, মৃত ব্যক্তি আগে থেকেই একটি জটিল রোগে ভুগছিলেন। তা থেকেও তাঁর মৃত্যু হতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
