বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটন মন্ত্রী
Copy Link-->প্রকাশিত: ১৫:৪৪, ২৩ অক্টোবর ২০২৬
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শুক্রবার দুপুরে কুয়াকাটায় অনুষ্ঠিত পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
বিগত সরকারের সব কর্মকাণ্ড ছিল অপরিকল্পিত উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য পরিকল্পিত উন্নয়ন।
আজ শুক্রবার দুপুর বারোটায় পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পর্যটন মন্ত্রী বলেন, বিগত সরকারের সকল কর্মকাণ্ড ছিল অপরিকল্পিত। বিভিন্ন প্রকল্পের নামে শুধু লুটপাট হয়েছে। এ কারণে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
তিনি আরো বলেন, কক্সবাজার ও কুয়াকাটাসহ সরাদেশে প্রায় ১৫’শ পর্যটন স্পট রয়েছে। কিন্তু এগুলো থেকে তেমন রাজস্ব আদায় হচ্ছে না।
পর্যটন খাতকে আরও আকর্ষণীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক পরিকল্পনাবিদের মাধ্যমে মহাপরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
