মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে জিআর চাল ও উপহার হিসেবে একটি করে শাড়ি দেওয়া হয়। এ ছাড়া ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি রকিবুল ইসলাম ফরহাদ, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার এবং ঢাকা জেলা (বৃহত্তর) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ ফারুকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলা। এ উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
তাঁরা আরও বলেন, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। সহায়তা পেয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সরকার, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হবে।
The post ধামরাইয়ের ২৩৫ পূজামণ্ডপে চাল, নগদ অর্থ ও শাড়ি বিতরণ appeared first on ভোরের চেতনা.
