The Sangbad · সাধারণ
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কৃষক নিহত, আহত ৯
১৪/১০/২০২৬

নওগাঁর মহাদেবপুরে জমিজমাজসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল মৌজার প্রায় ১০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আনিছুর রহমান গংয়ের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল গংয়ের বিরোধ চলে আসছিল। স্থানীয় মাতবরদের শালিসে আনিছুর রহমান গংদের পক্ষে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেওয়া হলে তাঁরা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে বাড়ি ফেরার পথে নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের ৯ জন আহত হন। পরে গুরুতর আহত আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আনিছুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। এদিকে আনিছুরের মৃত্যুর খবর শুনে উভয়পক্ষের সংঘাতে আহত হন আনিছুরের ছেলে শাহাজাহান (৩০), আব্দুল মতিন (৪০), আবুল কালাম আজাদ (৫৪), আব্দুল আলিম (২৫), জাহিদুল ইসলাম (৪০), নজরুল ইসলাম, রেজাউল ইসলাম (৬৫), ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)।আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মূল প্রতিবেদনে যান ↗