জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ আফ্রিকাকে জি২০ সম্মেলনে আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
মার্জ চান, জি২০-এর সদস্য হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাকে যেন এবারের সম্মেলন থেকে বাদ দেওয়া না হয়। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার (২১ অক্টোবর) বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্জ বলেন, বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হলে সব গুরুত্বপূর্ণ অংশীদারকে সঙ্গে রাখতে হবে। তার ভাষায়, ‘আফ্রিকার অবশ্যই আলোচনার টেবিলে থাকা উচিত।’
মার্জ বলেন, আফ্রিকান ইউনিয়ন জি২০-এর সদস্য। একইভাবে দক্ষিণ আফ্রিকাও জোটটির সদস্য। তাই জি২০ সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।
এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালের জি২০ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত আগের সম্মেলন বর্জন করেছিল ওয়াশিংটন।
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের নিপীড়নের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে অবস্থান নেয় ট্রাম্প প্রশাসন। তবে এ অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে।
মার্জ তার বক্তব্যে বিশ্ব অর্থনীতিতে জি২০-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম একক বাজার হিসেবে ইউরোপের এ জোটে আরও বেশি ভূমিকা থাকা উচিত।
সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, নেদারল্যান্ডস ও পোল্যান্ডকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও দেশগুলোকে জি২০-এর আলোচনায় যুক্ত রাখার চেষ্টা করবেন বলে জানান জার্মান চ্যান্সেলর।
মার্জের মতে, এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, অন্যায্য বাণিজ্যচর্চা এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা সরকারি ঋণ নিয়ে আলোচনা হওয়া জরুরি।
এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে জার্মানি। আমলাতান্ত্রিক জটিলতা কমানো, কাঠামোগত সংস্কার এবং বিনিয়োগ সহজ করার মাধ্যমে আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে চায় দেশটি।
সূত্র: আনাদোলু এজেন্সি
