মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে সন্দেহভাজন এক জইশ জঙ্গিকে গ্রেফতার করেছে রাজ্যের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। গোপন সূত্রে কালাচৌকির এটিএস শাখার আধিকারিকেরা খবর পান মাহিমে এক জইশ জঙ্গি আশ্রয় নিয়েছে। তার পরই তল্লাশি শুরু হয়। সেই তল্লাশি অভিযান চলাকালীন মেট্রো স্টেশনের কাছ থেকে আখতারকে গ্রেফতার করা হয়। আখতারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬(১)-এ মামলা দায়ের হয়েছে। এই ধারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম, ভাষা ইত্যাদির ভিত্তিতে শত্রুতা ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করার মতো কাজের সঙ্গে সম্পর্কিত।
এটিএস সূত্রের খবর, সন্দেহভাজন ওই জইশ জঙ্গি অ্যাপ বাইক চালকের কাজ করতেন। পাশাপাশি সুগন্ধিও বিক্রি করতেন। তিনি মাহিম এলাকাতেই থাকতেন। প্রাথমিক তদন্তে এটিএস জানতে পেরেছে, সমাজমাধ্যমে সুগন্ধি বিক্রির আড়ালে আখতার সন্ত্রাসবাদী মতাদর্শ প্রচার করতেন বলে অভিযোগ । শুধু তা-ই নয়, সমাজমাধ্যমে ভারতবিরোধী বিভিন্ন তথ্যও ছড়াতেন। পাক হ্যান্ডলারদের সঙ্গে আখতারের সরাসরি যোগাযোগের তথ্যও মিলেছে বলে দাবি এটিএসের।
এটিএস জানিয়েছে, জইশ প্রধান মাসুদ আজহারের সন্ত্রাসমূলক নানা বক্তব্য টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছড়াতেন আখতার। পাকিস্তান-সমর্থিত চরমপন্থী টেলিগ্রাম চ্যানেল ‘ইবন-ই-কাশিম’-এরও সক্রিয় সদস্য তিনি। তদন্তকারীরা আরও জানিয়েছেন, আখতারের মোবাইল থেকে সন্ত্রাসবাদ সংক্রান্ত নানা তথ্য, ভারতবিরোধী মন্তব্যের হদিস পাওয়া গিয়েছে। পাকিস্তানে কাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
