চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও চবি শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পুরাতন একটি ভিডিওতে ব্যঙ্গ করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চবি শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। এতে এ ঘটনায় চাকসু ভিপির ক্ষমা প্রার্থনা ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান ছাত্রদল নেতারা।
সংবাদ সম্মেলন ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছাত্রশিবির গত ১৭ বছরে গুপ্ত থেকে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে। দেশনেত্রীকে নিয়ে চাকসু ভিপির এমন ব্যঙ্গাত্মক মিমিক্রির অভিযোগ তুলে প্রতিবাদ ও বিচার জানান নেতারা।
সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি পেশ করেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন। দাবিগুলো হলো- ইব্রাহিম রনির ভিডিও ও বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ; পবিত্র কোরআনের আয়াত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাচনভঙ্গি ব্যঙ্গ করার ঘটনায় ইব্রাহিম রনিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবিরের ভূমিকা ও গুপ্ত রাজনীতি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে ও ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ করে স্বচ্ছ ও প্রকাশ্য ছাত্ররাজনীতির পরিবেশ নিশ্চিত করতে হবে।
এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে মিথ্যা প্রচারণা, উসকানিমূলক কর্মকাণ্ড ও সন্দেহের রাজনীতি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া নারী শিক্ষার্থীদের চরিত্রহনন ও মিথ্যা তথ্য ছড়ানো ক্যাম্পাসকেন্দ্রিক ভুঁইফোড় পেজগুলোর অ্যাডমিন শনাক্ত করে শাস্তি এবং পেজগুলো বন্ধের উদ্যোগ নিতে হবে।
এরআগে, ২০২০ সালে নিজ বিভাগের বার্ষিক শিক্ষা সফরে অভিনয় পর্বে খালেদা জিয়াকে নিয়ে মিমিক্রি করেন বর্তমান চবি শিবির সভাপতি। সেখানে হানিফ সংকেত, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য নকল করে মিমিক্রি করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
