সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা:-
ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাষ্টমী আজ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। মহাষ্টমীর আনুষ্ঠানিকতায় এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে কুমারী পূজা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মহাদেব পুট্টি, পাইকপাড়া, সাহাপা, বিভিন্ন পূজামণ্ডপে মহাষ্টমী উপলক্ষে নেওয়া হয়েছে নানা আয়োজন। দেবীর আরাধনার পাশাপাশি কুমারী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যেও রয়েছে বিশেষ আগ্রহ।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজায় একজন কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে বিবেচনা করে তাঁর মধ্যে নারীশক্তির আরাধনা করা হয়। সাধারণত ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কন্যাকে কুমারী হিসেবে নির্বাচন করে দেবীজ্ঞানে পূজা করা হয়।
ভক্তদের বিশ্বাস, নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। সেই বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই কুমারী পূজার আয়োজন করা হয়। পূজা শেষে কুমারীর আশীর্বাদ গ্রহণ করেন ভক্তরা।
মহাষ্টমীর পূজায় চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, নৈবেদ্যসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হচ্ছে। কান্দিপাড়া পাওয়ার হাউস রোড আখড়াবাড়ি মন্দির, মহাদেব পট্টি মন্দির ও কুমারী পূজাকে কেন্দ্র করে রয়েছে বিশেষ আয়োজন। পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতার পর কুমারীকে আসনে অধিষ্ঠিত করে নানা উপাচারে তাঁর আরাধনা করা হবে।
ধর্মীয় আখ্যান অনুযায়ী, মহাষ্টমী তিথি অশুভ শক্তির বিরুদ্ধে দেবীশক্তির বিজয়ের প্রতীক। ফলে দুর্গোৎসবের এই দিনে ভক্তদের মধ্যে থাকে আলাদা ধর্মীয় আবেগ ও উৎসাহ।
মহাষ্টমীকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপে ভক্তদের সমাগম বাড়ছে। দেবীর বন্দনা, অঞ্জলি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।
The post আজ মহাষ্টমী, ব্রাহ্মণবাড়িয়া থাকছে কুমারী পূজার আয়োজন appeared first on sokalerkhobor24.com.
