সংবাদ · general
মোহাম্মদপুরে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার
২৪/১০/২০২৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩ জনের মধ্যে একজন নারী ও দুজন কিশোর রয়েছে। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে তিনটি সুইচগিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড এবং একটি করাত কাটার বিশেষ চাকু।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাসনাইন হাসান নামের এক দুর্ধর্ষ ছিনতাইকারী রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ছয়টি ছিনতাই মামলা রয়েছে।মোহাম্মদপুর থানার ওসি বলেন, ‘এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সক্রিয় ছিল। তারা পথচারী, বাস ও রিকশার যাত্রী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করত। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা কৌশলে নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সটে পড়ত।’গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানা প্রধান।/
মূল প্রতিবেদনে যান ↗