কালবেলা · আন্তর্জাতিক
অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা কার্যকর
১৫/১০/২০২৬

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ, সম্প্রসারণ ও অর্থায়নে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্প্রসারিত নিষেধাজ্ঞা বৃহস্পতিবার কার্যকর হয়েছে।
সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় বসতি নির্মাণে অর্থায়নকারী ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানকেও লক্ষ্যবস্তু করা যেতে পারে। এর আগে মূলত ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
পূর্ব জেরুজালেম ও মা’আলে আদুমিম বসতির মধ্যবর্তী ই১ এলাকায় নির্মাণকাজের দরপত্র জমা দেওয়ার ১৯ অক্টোবরের সময়সীমার কয়েক দিন আগে এই নিষেধাজ্ঞা কার্যকর হলো। প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এর ফলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে সংযোগ ব্যাহত হতে পারে।
নতুন ব্যবস্থায় যুক্তরাজ্য আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। তবে নিয়মটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ হবে না।
সূত্র: আলজাজিরা
মূল প্রতিবেদনে যান ↗