নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী মঙ্গলবার (১৩ অক্টোবর) জানায়, ফাতাহ-২ ইআর নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষায় নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে।
পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নের অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর দাবি, ফাতাহ-২ ইআর অত্যন্ত নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাঝ আকাশে গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় এটি প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এ ছাড়া ক্ষেপণাস্ত্রটির বর্ধিত পাল্লার কারণে শত্রুপক্ষের দূরবর্তী ও গভীর অবস্থানে থাকা স্থাপনাগুলোতে হামলা চালানো সম্ভব হবে।
এর আগে গত সপ্তাহে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৬ স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। সে পরীক্ষাও সফল হয়েছিল বলে জানিয়েছিল দেশটির সেনাবাহিনী।
বিশ্বজুড়ে সাম্প্রতিক সংঘাতগুলোতে ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্রের ব্যবহার বেড়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলা সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বকে সামনে এনেছে।
সূত্র: দ্য ডন
