প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:২১ পিএম
আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার, হত্যা কিংবা নির্যাতনের শিকার হতে হতে পারে, এমন আশঙ্কার কথা উল্লেখ করেও তিনি বলেছেন, তিনি ভয় পান না।
সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সেন্টার ফর ইউএস-বাংলাদেশ রিলেশনস আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সময় দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
বক্তব্যে শেখ হাসিনা বলেন, আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরব। আমি ভয় পাই না। আমি জানি, তারা আমাকে হত্যা করতে পারে, গ্রেপ্তার করতে পারে এবং নির্যাতন করতে পারে।
দেশে ফেরার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ফিরে যাওয়া আমার দায়িত্ব।
প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাকে গ্রেপ্তার করতে পারে, এমন পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন শেখ হাসিনা। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ কিংবা ফেরার পর তার কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৪ সালের পাচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
শেখ হাসিনার সর্বশেষ বক্তব্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা আবারও সামনে এসেছে। তবে তিনি বাস্তবে কবে দেশে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।
