সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় নবীগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পৌর এলাকার ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন নবীগঞ্জ পৌরসভার সাবেক বারবার নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
নবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভু আচার্য ও নবীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল যৌথভাবে পরিচালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। আমাদের এই সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে।তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসারও প্রতীক। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। নবীগঞ্জ পৌর এলাকার প্রতিটি পূজামণ্ডপে যেন আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সবাই একই সমাজের বাসিন্দা। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কোনো ধরনের বিভেদ বা বৈষম্য নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এটাই আমার প্রত্যাশা।নবীগঞ্জ পৌর এলাকার ৯টি পূজামণ্ডপের কথা উল্লেখ করে সাবেক মেয়র বলেন, পূজামণ্ডপগুলোতে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের জন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও নবীগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি ভবানী শংকর ভট্টাচার্য, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মিনাল কান্তি রায় মিনু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিকাশ রায় ও গৌতম কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীলকণ্ঠ দাস সামন্ত নন্টি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ এবং পৌর নেতা নিতেশ দাশ।
এসময় নবীগঞ্জ পৌরসভার ৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী নবীগঞ্জ পৌরসভার ৯টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
