একটু আশার আলো দেখা দিয়েছিল। ম্যাচের তখন ৭৮ মিনিট। রাফায়েল টুডুর গোলে সমতায় ফিরেছে ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগে টানা দ্বিতীয় হার এড়ানোর স্বপ্নও দেখতে শুরু করেছে বাংলাদেশের ক্লাবটি। কিন্তু সেই স্বপ্ন টিকল মাত্র সাত মিনিট। শেষ দিকে আরেকটি গোল হজম করে মাঠ ছাড়তে হলো হার নিয়েই।
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে আজ কুয়েতের মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে ভারতের এফসি গোয়ার কাছে ২–১ গোলে হেরেছে ফর্টিস। নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের কাদসিয়ার কাছে ৩–০ গোলে হেরেছিল বাংলাদেশের শীর্ষ লিগের দলটি। দুই ম্যাচে দুই হারে এশীয় ফুটবলের কঠিন বাস্তবতাই যেন টের পাচ্ছে ফর্টিস।
অথচ আজকের ম্যাচে লড়াইটা একেবারে মন্দ করেনি বাংলাদেশের ক্লাবটি। বিশেষ করে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার পুরোনো রোগই শেষ পর্যন্ত ভুগিয়েছে ফর্টিসকে।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় এফসি গোয়া। ডান দিক থেকে উদন্ত সিংয়ের মাপা ক্রসে দারুণ এক হেডে বল জালে পাঠান হোর্হে ওর্তিজ। শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়লেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফর্টিস।
২০ মিনিটে পা ওমর বাবুর ডান পায়ের শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। ৩১ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের কর্নার থেকে হেড করেছিলেন অনন্ত তামাং। কিন্তু বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ছয় মিনিট পর বক্সের মাঝখান থেকে ফর্টিসের গাম্বিয়ান মিডফিল্ডার এসা জালোর হেড আটকে দেন গোয়ার রক্ষণভাগের খেলোয়াড়েরা।
এক গোলে এগিয়ে থাকায় প্রথমার্ধে কিছুটা হিসাবি ফুটবল খেলেছে গোয়া। বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়ায় ভারতের ক্লাবটি। তাতে পাল্টা আক্রমণে জায়গা তৈরি হয় ফর্টিসের জন্যও।
সেই সুযোগই কাজে লাগান রাফায়েল টুডু। ৭৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দারুণ এক শটে গোল করেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচে ফেরে ফর্টিস। স্কোরলাইন তখন ১-১। মনে হচ্ছিল, অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে বাংলাদেশের ক্লাবটি।
কিন্তু ফর্টিসের সেই স্বস্তি স্থায়ী হয়নি। ৮৫ মিনিটে সিকির গোলে আবার এগিয়ে যায় এফসি গোয়া। বাকি সময়ে আর সমতায় ফিরতে পারেনি ফর্টিস। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের দলটি।
এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিতে প্রাথমিক বাছাইপর্বে নিজেদের মাঠে মুরাস ইউনাইটেডকে হারিয়েছিল ফর্টিস। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এশীয় মঞ্চে পা রেখেছিল বাংলাদেশের ক্লাবটি। কিন্তু মূল পর্বে এসে এখনো জয়ের দেখা পায়নি তারা।
আগামী ২৩ অক্টোবর গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে তাজিকিস্তানের রেগার-তাদাজ তুরসুনজোদার মুখোমুখি হবে ফর্টিস।
