আজকাল ওয়েবডেস্ক: ২০২৮ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান। তবে ভারতীয় দলের ম্যাচগুলির জন্য সংযুক্ত আরব আমিরশাহিকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১২টি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। যদিও ভারতের ম্যাচ কোথায় হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি।
পাকিস্তান ও ভারতের মধ্যে চালু থাকা হাইব্রিড মডেল অনুযায়ী, দুই দেশের কোনও একটি দেশ আইসিসি বা এশীয় ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিযোগিতা আয়োজন করলে অন্য দেশ তাদের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই এই ব্যবস্থা কার্যকর রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে খেলেছিল এবং দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে জিতেছিল। অন্যদিকে, পাকিস্তান প্রতিযোগিতার মোট ১৫টি ম্যাচের মধ্যে ১০টি আয়োজন করেছিল। এর মধ্যে ছিল লাহোরের একটি সেমিফাইনালও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক আধিকারিক জানিয়েছেন, মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে তারা প্রস্তুত। তবে ভারতের ম্যাচের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একই ব্যবস্থা বজায় রাখার জন্য আইসিসিকে অনুরোধ জানাবে পাকিস্তান।
তিনি আরও জানান, পাকিস্তানের কাছাকাছি হওয়ায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি। তাঁর মতে, পাকিস্তান থেকে দুবাইয়ে যাতায়াত সহজ হওয়ায় ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত খরচ কমবে। ফলে প্রতিযোগিতা পরিচালনার কাজও অনেক সহজ হবে।
বিশ্বের অন্যতম শক্তিশালী মহিলা ক্রিকেট দল হওয়ায় ২০২৮ সালের বিশ্বকাপে ভারতের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা যথেষ্ট। তবে ভারত ফাইনালে উঠতে না পারলে লাহোরে প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন পিসিবির আধিকারিক।
আইসিসির প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশ হোস্টিং ফি পাওয়ার পাশাপাশি টুর্নামেন্টের খরচ মেটানোর জন্যও আর্থিক সহায়তা পায়। পাকিস্তানের আশা, মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ফলে দেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা ও পরিকাঠামোর উন্নতি হবে। ২০২৮ সালের প্রতিযোগিতার জন্য একটি শক্তিশালী দল গড়ে তোলার মতো প্রতিভা পাকিস্তানে রয়েছে বলেও দাবি করেছেন ওই আধিকারিক।
এদিকে, পুরুষদের ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সালের ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়ার কথা।
