কালবেলা · সাধারণ
পাবনায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
২৩/১০/২০২৬

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। সেলিম জালালপুর বাজারের মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗