রাজধানী ঢাকার ফুটপাথ নিয়ে তুলকালাম কাণ্ড চলছে। সরকার একদিকে হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে, আবার সব বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা ইতোমধ্যে নানা কারণে রেকর্ড করেছে। তবে কোনোটি ইতিবাচক নয়। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং তীব্র যানজটের শহরও এটি। নতুন সরকার ক্ষমতা নেয়ার পর পরিবর্তনের আশা করা হলেও এ শহর নিয়ে আমরা পুরনো চরিত্র দেখতে পাচ্ছি। সরকারের নেয়া পদক্ষেপ স্থায়ী পরিবর্তনের বদলে লোকদেখানো বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিক্ষিপ্তভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে। রাজধানীর কিছু অংশের অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে দিয়েছে। কিছু এলাকায় ফুটপাথ উদ্ধার হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে অল্প কিছু দিনের মধ্যে সেগুলো ফের পুনর্দখল হয়ে গেছে। এ ক্ষেত্রে মিরপুর-১০ ব্যতিক্রম। সেখানে এখনো ফুটপাথ ও রাস্তা, হকার এবং অবৈধ স্থাপনামুক্ত আছে। এ কারণে পথচারী ও আগন্তুকরা সহজে রাস্তায় চলাচল করতে পারছেন। কিন্তু মাত্র এক কিলোমিটার দূরে মিরপুর-১ এলাকার চিত্র ঠিক উল্টো। এমনকি এর আশপাশে অন্যান্য এলাকারও একই অবস্থা। মিরপুর-১০-এ স্বস্তি পাওয়া রাজধানীবাসী পাশের এলাকায় অস্বস্তিতে পড়ছেন। এতে প্রমাণিত, কোনো একটি এলাকা পরিচ্ছন্ন করে ফল পাওয়া যাবে না।
সিটি করপোরেশনের চালানো উচ্ছেদ অভিযানের নেপথ্য কারণ আছে। মালিকানা হাতবদলে অভিযান চালানো হয়, এই সরকারের সময়ও একই রীতিতে চলছে। নতুন গোষ্ঠীকে সুবিধা দিতে এটি করা হয়। এতে চাঁদার রেট বাড়ে, হকারের সংখ্যা বাড়ে, অবৈধ স্থাপনার সংখ্যাও বাড়ে। নতুন সরকারের সময়ে রাজধানীর বহু এলাকায় ফুটপাথের অবশিষ্ট জায়গাও হকারের দখলে চলে গেছে। ফলে পথচারীদের চলাচলের সামান্য রাস্তাটুকু আর নেই। গুলিস্তান গোলাপ শাহ মাজার ও এর আশপাশ এলাকায় পা ফেলারও জায়গা নেই। যানবাহনের জন্য রাস্তার মাঝখানের জায়গা বাদ রেখে পুরোটা দোকান বসিয়ে দেয়া হয়েছে। কয়েক বছর আগের চেয়ে দোকানের সংখ্যা এখানে এখন দ্বিগুণ। এ অবস্থা রাজধানীর জনাকীর্ণ সব এলাকায়।
বেআইনিভাবে ফুটপাথ দখল করা হলেও এগুলো উচ্ছেদের শক্তি কারো নেই। একবার উচ্ছেদ করলে অল্প কিছু দিনের মধ্যে হকাররা দ্বিগুণ শক্তিতে ফিরে আসেন। সরকারের কোনো একটি অংশের সাথে দখলদারদের অশুভ আঁতাত না থাকলে এমনটি হওয়ার কথা নয়।
ঢাকাকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে প্রধান বাধা নগরীর অদৃশ্য মাফিয়া চক্র। যে কারণে ফুটপাথ দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান তাই আইওয়াশ ছাড়া আর কিছু নয়। এগুলো জনবাহবা পেতে নেয়া হচ্ছে মাত্র। রাজধানীর রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে নয়।
বিশ্বের সবচেয়ে বেশি যানজটের শহর ঢাকা। রাজধানীর তীব্র যানজটে প্রতিদিন বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটি জাতীয় অর্থনীতিতে ফেলছে নেতিবাচক প্রভাব। এ অবস্থার উত্তরণে দরকার বিমূর্ত মাফিয়া শক্তি চিহ্নিত এবং নিষ্ক্রিয় করা।
