কালবেলা · রাজনীতি
মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
২১/১০/২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে দেশীয় অস্ত্র হাঁসুয়া ও লাঠিসোঁটার আঘাতে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) সেলিম জাহাঙ্গীর কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে দুজন বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। আহত ৩ জনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন রশিকপুর গ্রামের এরশাদ (৪০), মাহাতাব উদ্দিন ওরফে পচা (৪০) এবং আসলাম হোসেন (২৮)। তাদের মধ্যে এরশাদ মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এবং আসলাম হোসেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে মাসুদ অরুণ ও আমিরুলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র হাঁসুয়া ও লাঠিসোঁটা নিয়ে হামলায় মাহাতাব উদ্দিন, আসলাম হোসেন ও এরশাদ আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা মাহাতাব উদ্দিন ও আসলাম হোসেনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসলাম হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাহাতাব উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে, এরশাদকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর ২ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
মুজিবনগর থানার ওসি সেলিম জাহাঙ্গীর বলেন, ‘একই দলের ২ রাজনৈতিক প্রতিপক্ষের পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে ৩ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মূল প্রতিবেদনে যান ↗