প্রতিনিধি, মৌলভীবাজার · ২৪ অক্টোবর, ২০২৬ ২:০৫ অপরাহ্ন
সংবাদমাধ্যমকে সমাজ ও রাষ্ট্রের দর্পণ হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু সংবাদমাধ্যম মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখছে, আবার কিছু সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উসকানি দিচ্ছে। সংবাদমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ ও জাতি ভালো থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংবাদপত্র আয়নার মতো। সমাজ ও রাষ্ট্রের দোষ-ত্রুটি সংবাদমাধ্যমের মাধ্যমে সামনে আসে। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তাদের তৃতীয় নয়ন জাগ্রত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে।
স্বাধীনতার পর সংবাদমাধ্যমের ওপর আক্রমণের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, সে সময় চারটি সংবাদপত্র ছাড়া অন্য সব সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল। পরে সংবাদমাধ্যম ধীরে ধীরে শক্তি অর্জন করে আবার দাঁড়িয়েছে।
বর্তমানে সংবাদমাধ্যমের তিনটি ধারা মুদ্রিত সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সমানতালে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। তবে এসব মাধ্যমে দায়িত্বশীলতার অভাব সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
১৯৭৫ সালে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা চালুর প্রসঙ্গও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রসাতলে যাচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ না করে অন্য মন্ত্রণালয়েও হাত দিতে চান।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগেই নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দিয়ে কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী ও হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিছুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
