ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ে হেরে যাওয়ায় জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াই। ফলে বাংলাদেশের সামনে এখন সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেই হবে না, ফাইনালে ওঠার জন্য ব্যবধানের হিসাবও মাথায় রাখতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) আগে ব্যাট করে ২৯৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এই জয়ে আফগানিস্তান ও জিম্বাবুয়ে, দুই দলেরই জয়সংখ্যা দাঁড়িয়েছে একে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচের ফলই ঠিক করে দেবে ফাইনালে কারা খেলবে।
বাংলাদেশ আগে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। হিসাব অনুযায়ী, বাংলাদেশ ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে জিতলে ফাইনালে উঠবে, বিদায় নিতে হবে জিম্বাবুয়েকে। তবে আফগানিস্তান বড় ব্যবধানে হারলেও তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা পুরোপুরি শেষ হবে না।
ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে ৩৯ বা তার কম রানে হারায়, তাহলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে জিম্বাবুয়ের। আবার বাংলাদেশ ২১৮ বা তার বেশি রানের ব্যবধানে জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে হিসাব হবে রান তাড়ার গতি অনুযায়ী। উদাহরণ হিসেবে, আফগানিস্তান প্রথমে ২৫০ রান করলে বাংলাদেশের লক্ষ্য হবে ২৫১। সে ক্ষেত্রে ফাইনালে ওঠার সমীকরণে এগিয়ে থাকতে ৪১.৩ ওভারের মধ্যে লক্ষ্য পেরিয়ে জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। আগামীকালের ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত ফাইনালে ওঠার লড়াই।
