সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠান। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নেটফ্লিক্স। এ চুক্তির ফলে নির্ধারিত দুই দেশের দর্শকেরা নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাবেন।
চুক্তি অনুযায়ী, স্পেনে প্রতিদিন অন্তত একটি ম্যাচ বিনামূল্যে সরকারি টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া স্বাগতিক স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনালও বিনামূল্যে দেখার সুযোগ থাকবে।
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে নেটফ্লিক্স ঠিক কত অর্থ ব্যয় করেছে, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এর আগে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে স্পেনের সরকারি সম্প্রচার সংস্থা আরটিভিই প্রায় ৬১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছিল।
ফিফার সঙ্গে নেটফ্লিক্সের অংশীদারত্ব সাম্প্রতিক সময়ে আরও বিস্তৃত হয়েছে। এর আগে ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের সম্প্রচার স্বত্বও পেয়েছে প্রতিষ্ঠানটি।
ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালে বিশেষ এই আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি উদ্বোধনী তিনটি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
চুক্তি প্রসঙ্গে নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, স্প্যানিশ ফুটবলপ্রেমীদের জন্য নিজেদের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকে স্বাগত জানানো এবং নেটফ্লিক্সে সরাসরি সেই মুহূর্ত উপভোগ করা হবে এক অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি ক্রীড়া সম্প্রচারে বিনিয়োগ বাড়িয়েছে নেটফ্লিক্স। ডব্লিউডব্লিউই, বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ), এনএফএল ও এমএলবির মতো ক্রীড়া আয়োজনের সম্প্রচারে যুক্ত হওয়ার পর এবার ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করল প্রতিষ্ঠানটি।
এই চুক্তিকে নেটফ্লিক্সের ক্রীড়াভিত্তিক কনটেন্ট সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রচলিত টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও বিশ্বকাপের দর্শক বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।
The post ২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স appeared first on ভোরের চেতনা.
