অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন বিভাগের তিন জেলায় যাবেন। রংপুরের পর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন তিনি। সফরে পূজামণ্ডপে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
রংপুর সফর শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থানের পর বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
এরপর বিমানযোগে চট্টগ্রামে গিয়ে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে রোববার রাতে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদ্যাপিত হচ্ছে। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
