বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম রাজধানীর বারিধারার পার্ক রোডে নিজ বাসাতে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন। কেমন করে কাটছে বিগত কয়েক দশক?— এমন প্রশ্ন করতেই শবনম জানান, নিয়মিত টিভি দেখে, পত্রিকা পড়ে, ফেসবুক স্ক্রল করে, মাঝে মাঝে বিভিন্ন দাওয়াতে অংশগ্রহণ করে, কখনো কখনো দেশের বাইরে গিয়ে নিজের মতো সময় কাটে তার। এদিকে শবনম জানান, তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষ মারা যাওয়ার পর তিনি আরও গৃহবন্দি হয়ে গেছেন। মন চাইলেও তেমন কোথাও যেতে চান না তিনি।
শবনম জানান, অনেকেই ভেবেছিলেন হয়তো শবনমকে একাই থাকতে হবে দেশে। কিন্তু সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করে রনি আমার সঙ্গেই থেকে গেল। চাইলেই সে দেশের বাইরে সুন্দর জীবন গড়ে তুলতে পারতো। কিন্তু একজন আদর্শ সন্তান হিসেবে রনি আমার সঙ্গেই থেকে গেল। এদিকে, আজ শবনমের ছেলে রনির জন্মদিন। অন্য দিনের মতো খুব সাধারণভাবেই কাটাতে চান তিনি আজকের দিনটি। ছেলের জন্মদিন, সময় এবং বাংলাদেশের সিনেমা প্রসঙ্গে শবনম বলেন, আমার একমাত্র সন্তান রনির আজ জন্মদিন। একজন মা হিসেবে রনিকে নিয়ে আমি গর্বিত। এখন আসলে সময়টা বদলে গেছে। দেশে বিশেষত মা-বাবার সন্তানদের নিয়ে নানা ধরনের খবর দেখি, সেদিক বিবেচনায় আমার রনি সোনার টুকরা ছেলে। সত্যি বলতে কি, ছেলের সঙ্গেই সময় কাটে আমার। মাঝে মাঝে টিভিতে সিনেমা দেখি, খবর দেখি, ফেসবুকে নানা খবরাখবর পাই।
দেশ-বিদেশ সম্পর্কে কিছুটা অবগত থাকি। তবে হয়তো এই জীবনে আর সিনেমা করা হবে না। কারণ শরীর এখন আর আগের মতো ভালো নেই। কোনো না কোনো অসুখ লেগেই আছে। শবনম অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’।
এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন।
