মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পথেরহাট গ্রামে নরোত্তম বিশ্বাস (৩৮) নামে বন বিভাগের এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হত নরোত্তম বিশ্বাস ওই গ্রামের নিত্য গোপাল বিশ্বাসের ছেলে। তিনি নোয়াখালীতে জেলা বন বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নরোত্তম। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে নরোত্তমের পারিবারিক বিরোধ চলছিল। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন নরোত্তম। তবে দুর্গাপূজার সময় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
