কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রিসোর্টের টয়লেট থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার তিনতলা কাঠের রিসোর্টটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, প্রথম দফায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে অনুসন্ধান চালিয়ে রিসোর্টের টয়লেট থেকে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
রিসোর্টের ইনচার্জ মো. সুমন বলেন, রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। আগুন লাগার পরপরই তা নেভানোর চেষ্টা করা হয়। তবে এর মধ্যে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা অংশ নেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিসোর্টটিতে মোট নয়টি কক্ষ ছিল। কক্সবাজার শহরের কলাতলী থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে এর অবস্থান। অগ্নিকাণ্ডে পুরো স্থাপনা পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুনের সূত্রপাত, প্রাণহানির কারণ এবং রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখবে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সম্ভাব্য দায় নির্ধারণ করা হবে।
