
ছাত্রদল নেতা রুমির চিকিৎসা সহায়তায় সুস্থ হলেন জবি শিক্ষার্থী নীল
ডেঙ্গু আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম আবর্তনের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। অসুস্থতার সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলের সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেন রুমি।
জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর নীলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনা ও অন্যান্য ব্যয় নির্বাহ করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে তার পরিবার। এমন পরিস্থিতিতে নীলের চিকিৎসায় সহায়তা করেন রুমি।
এছাড়াও, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নীলের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ এবং নীলের পরিবারের সঙ্গে আলোচনা করেন রুমি। নীলের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসা ব্যয় কমানোর বিষয়েও উদ্যোগ নেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, নীলের পরিবারের আর্থিক চাপ কমাতে রুমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন এবং তারা চিকিৎসা বিলে প্রায় ১ লক্ষ ৬২ হাজার টাকা ছাড় দেন।
এ বিষয়ে দেবপ্রিয় অধিকারী নীলের বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান, "নীলের সুস্থ হয়ে উঠার পেছনে উনার (রুমি) অবদান অনেক। হাসপাতালের বিল নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু উনার (রুমি) কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দেয়। উনার (রুমি) কাছে আমরা চির কৃতজ্ঞ"
সহায়তার বিষয়ে মোস্তাফিজুর রহমান রুমি কালবেলাকে জানান, "শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং ন্যায্য দাবি আদায়ে আমাদের অঙ্গীকার অবিচল। আমরা কথায় নয়, কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। আমাদের রাজনীতি হোক শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের পথচলা হোক মানবিকতা ও দায়িত্ববোধের পথে।"
তিনি আরও বলেন, "দেশ ও জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে শত জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে যেমন মানুষের পাশে ছিলাম, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের যেকোনো সংকটেও পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।"
