প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম
ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালীশীরী গ্রামের বাসিন্দা খলিলুর রহমান রিফাত। তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
রিফাত কালীশীরী গ্রামের আজিজুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর ধরে তিনি ওমানে প্রবাসী হিসেবে বসবাস করছেন। তবে গত ১৫ দিন ধরে হঠাৎ করেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপসহ যোগাযোগের সব মাধ্যম বন্ধ রয়েছে।
রিফাতের বাবা আজিজুল হক জানান, ছেলের সন্ধান পেতে তিনি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওমানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত ছেলের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।
পরিবারের সদস্যরা রিফাতের সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
