দিনাজপুরের নবাবগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ বেশ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।
তিনি জানান, গত ১২ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ থেকে ভাদুরিয়াগামী পাকা সড়কের জামালপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ১২ সদস্যের একটি ডাকাত দল অস্ত্রের মুখে চালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে মারধর করে। পরে বিভিন্ন গাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে পালিয়ে যায় তারা।
লুণ্ঠিত মালামালের মধ্যে ছিল ২৮টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ, একটি কম্পিউটার মনিটর, তিনটি ট্যাব, নগদ ১৪ হাজার ৩০০ টাকা, ওষুধ, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সামগ্রী। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক মো. আরাফাত প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানায় মামলা করা হয়। পরে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের আট সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাকিল সরকার, রুহুল আমিন, রাশেদ মিয়া, রবিউল প্রধান ওরফে রুবেল, সাজু মিয়া, আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান, শাহিন মিয়া ও মিরাজ মিয়া। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৯ অক্টোবর সন্ধ্যার পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দুটি ল্যাপটপ, ইনফিনিক্স, অপো, ভিভো, অনার ও স্যামসাং ব্র্যান্ডের একটি করে মোবাইল ফোন এবং একটি বাটন ফোনসহ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮ appeared first on ভোরের চেতনা.
