
ইন্টারনেটের বিপুলসংখ্যক ওয়েবসাইট ও সার্ভারে ব্যবহৃত সফটওয়্যার পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। ‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিত দুটি ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোডদিয়ে হামলা চালাতে পারে হ্যাকাররা। এতে গুরুত্বপূর্ণ তথ্য, ডেটাবেজ ও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে গুগল, ওপেনএআই ও অ্যামাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান নিরাপত্তাত্রুটি শনাক্ত, সম্ভাব্য হামলা পর্যবেক্ষণ এবং আক্রান্ত সিস্টেম সুরক্ষায় কাজ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থা জরুরি সতর্কতা জারি করেছে।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
পিএইচপি একটি উন্মুক্ত উৎসের প্রোগ্রামিং ভাষা, যা বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন পরিচালনায় ব্যবহৃত হয়। তবে পিএইচপি ব্যবহার করা সব ওয়েবসাইটই যে এ ত্রুটিতে আক্রান্ত, তা নয়। আক্রান্ত সংস্করণ ও সংশ্লিষ্ট ব্যবস্থার ওপর নির্ভর করছে ঝুঁকির মাত্রা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বুধবার পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির সতর্কতা অনুযায়ী, ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা সার্ভারের ফাইল সিস্টেম ও ডেটাবেজে প্রবেশের সুযোগ পেতে পারে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা সিস্টেম সাময়িকভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও সতর্ক করে বলেছে, এসব ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে ক্ষতিকর কোড চালানো সম্ভব। এতে সংবেদনশীল তথ্য ও নেটওয়ার্ক আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও একই ধরনের সতর্কতা দিয়েছে।
অ্যামাজন জানিয়েছে, নিরাপত্তাত্রুটিগুলো জনসমক্ষে প্রকাশের আগেই তাদের থ্রেট ইন্টেলিজেন্স দল সম্ভাব্য অপব্যবহারের চেষ্টা শনাক্ত করেছিল। প্রতিষ্ঠানটির ‘ম্যাডপট’ (MadPot) নামের হুমকি শনাক্তকরণ ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত অবকাঠামোয় সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ করে এ প্রচেষ্টা শনাক্ত করে।
তবে ত্রুটিগুলো প্রকাশের আগেই হামলাকারীরা কীভাবে সেগুলো সম্পর্কে তথ্য পেয়েছিল, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে অ্যামাজন। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ প্রকাশ্যে আসার আগেই নিরাপত্তাত্রুটির সুযোগ নেওয়ার চেষ্টা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
এ ঘটনায় সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ভূমিকা সামনে এসেছে। গুগল জানিয়েছে, তাদের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ (Wiz) এআই মডেল ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত ও বিশ্লেষণে সহায়তা করেছে। গুগলের জেমিনি এআই সম্ভাব্য হামলার ধরন মূল্যায়ন, পরীক্ষা এবং নিরাপত্তা প্যাচ যাচাইয়ের কাজেও ভূমিকা রেখেছে।
ওপেনএআই জানিয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে কাজ করা গবেষকেরাও পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করতে সহায়তা করেছেন। প্রতিষ্ঠানটি বলেছে, গত দুই মাস ধরে সফটওয়্যার রক্ষণাবেক্ষণকারী, সাইবার নিরাপত্তা গবেষক ও নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি জোটের সঙ্গে সমন্বয় করে ত্রুটিগুলোর সমাধান এবং সুরক্ষামূলক ব্যবস্থা প্রস্তুতের কাজ করেছে তারা।
ওপেনএআইয়ের মতে, বহুল ব্যবহৃত সফটওয়্যারে এ ধরনের ত্রুটি শনাক্তে উন্নত এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে একই প্রযুক্তি সাইবার অপরাধীদের হাতে পড়লে তা নিরাপত্তাঝুঁকিও বাড়াতে পারে।
ওয়েবসাইট ও ইন্টারনেট অবকাঠামো সুরক্ষায় কাজ করা ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা নিজেদের ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে (WAF) পিএইচপি২শেল-সংশ্লিষ্ট হামলা ঠেকাতে সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে আক্রান্ত সিস্টেম লক্ষ্য করে পাঠানো ক্ষতিকর অনুরোধ আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে পিএইচপি উন্নয়ন দল নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা ওয়েবসাইট পরিচালনাকারীদের ব্যবহৃত সফটওয়্যারের সংস্করণ পরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় প্যাচ ইনস্টল করার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের সতর্কতা হলো, বহুল ব্যবহৃত কোনো সফটওয়্যারের একটি গুরুতর ত্রুটিও একাধিক দেশ ও খাতের প্রতিষ্ঠানকে ঝুঁকিতে ফেলতে পারে। এআই প্রযুক্তি নিরাপত্তাত্রুটি শনাক্তে সহায়তা করলেও আক্রান্ত সিস্টেম হালনাগাদ করা এবং যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরই।
The post ইন্টারনেটজুড়ে সাইবার হামলার ঝুঁকি, ত্রুটি শনাক্তে কাজ করছে গুগল-ওপেনএআই appeared first on অর্থসূচক.
