Published on
:
1 min read
বাঙালির ভিতর থেকে বাঙালিয়ানা কখনও মুছে ফেলা যায় না। আর বাঙালি ছাড়া দুর্গাপুজো হয় না। সেটা শহর, রাজ্য, দেশ হোক কিংবা দেশের বাইরে। অনেক বাঙালিই বিদেশে দুর্গাপুজো করেন। লন্ডন, নিউ ইয়র্ক, কিংবা সুইডেন — দুর্গাপুজোর ছবি দেখা যায় প্রতি বছর। সে রকমই ছবি ধরা পড়ল সুইডেনের লিনসোপিং শহরে।
লিনসোপিং পুজো কমিটির উদ্যোগে বিদেশে মা দুর্গার আরাধনা হলো এ বছর। নবম তম বর্ষে পদার্পণ করল এই কমিটির পুজো। গত ১০ ও ১১ অক্টোবর দু’দিন ধরে এলাহি আয়োজন করা হয়েছিল কমিটির পক্ষ থেকে। সেখানে যেমন ছিলেন প্রবাসী বাঙালিরা, তেমনই ছিলেন সুইডিস নাগরিকও। দুই দেশের মানুষকে এক সুতোয় বেঁধে দিল দুর্গাপুজো। কচিকাঁচাদের আনন্দের জন্য নিয়ে আসা হয়েছিল স্যাক্সোফোন এবং বিভিন্ন মিউজ়িক্যাল ইনস্ট্রুমেন্ট।
স্টকহোম ইসকন থেকে কীর্তনের দল আনা হয়েছিল মনোরঞ্জনের জন্য। খাবারের তালিকায় ছিল সিঙারা, বালুসাই, রসগোল্লা, চমচম, বিভিন্ন ধরনের খাবার, ভেজ বিরিয়ানি, পনির রাইস। প্রায় ২৭৫ জন সদস্যদের নিয়ে চলেছে দু’দিনের এই উৎসব। চার ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।
উমার বিদায়বেলায় মন খারাপ হয় সকলেরই। রীতি মেনে হয়েছে সিঁদুর খেলা, মায়ের বরণ। পুজো কমিটির সভাপতি ভাস্কর রায়, সম্পাদক ক্ষীরোদ নায়েক, কোষাধ্যক্ষ বিবেকেন্দ্র সিং–সহ ও কমিটির অন্য সদস্যরা এই কয়েক দিন আনন্দ করলেন। উদ্যোক্তা ভাস্কর রায় বলেন, ‘আমাদের এই প্রতিমা ফাইবার গ্লাসের। কুমারটুলি থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০১৮–য় প্রথমবার শুরু হয়। এ বার ন’বছরে পা দিল। আগামী বছরের জন্য আরও ভালো ও জাঁকজমক করে পরিকল্পনা করছি আমরা।’
