কালবেলা · বিনোদন
পূজা ঘনিয়ে আসতেই মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত অপু বিশ্বাস
১৪/১০/২০২৬

দুর্গাপূজা মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। তবে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের কাছে এই উৎসব আনন্দের পাশাপাশি মায়ের স্মৃতিতে আবেগাপ্লুত হওয়ারও সময়। মায়ের হাতের বিশেষ পায়েস আর শৈশবের পূজার দিনগুলোর কথা আজও মনে পড়ে তার। এবার পূজায় ঢাকাতেই থাকবেন এই অভিনেত্রী। উৎসবের আনন্দের পাশাপাশি সিনেমা নিয়েও নতুন দিনের প্রত্যাশা করছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নানা কাজে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। কখনো সিনেমার শুটিং, কখনো বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন, আবার কখনো ফটোশুট কিংবা একমাত্র সন্তানকে সময় দেওয়া- সব মিলিয়ে কাটছে তার দিন। সম্প্রতি নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং করতে নেপালে গিয়েছিলেন তিনি। কিন্তু শুটিং চলাকালে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কাজ শেষ না করেই দেশে ফিরতে হয় তাকে।
এদিকে অপু বিশ্বাস অভিনীত ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামে আরও দুটি সিনেমার শুটিংও অনেকটা এগিয়েছে। তবে এখনো বাকি রয়েছে কিছু কাজ। ধীরে ধীরে সেগুলো শেষ করার প্রত্যাশা করছেন অভিনেত্রী। সিনেমার বাইরের কাজগুলোও উপভোগ করেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘১৭ অক্টোবর বগুড়া যাব একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে। এই কাজগুলোও আমি উপভোগ করি।’
এবারের দুর্গাপূজার ছুটিতে ঢাকাতেই থাকবেন অপু বিশ্বাস। উৎসব ঘিরে এখনো বিশেষ কোনো পরিকল্পনা করেননি। তবে সবার জন্য আনন্দময় ও নির্বিঘ্ন পূজা প্রত্যাশা করছেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘পূজা মানেই আনন্দ। এবারের পূজা যেন সবাই আনন্দ নিয়ে করতে পারে। উৎসবের আমেজ যেন থাকে। কোনো ধরনের সমস্যা যেন না হয়।’
শৈশব থেকেই পূজার দিনগুলো আনন্দে কাটতে দেখেছেন এই অভিনেত্রী। সেই স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে দেখে আসছি, সবাই সুন্দর করে পূজার দিনগুলো পার করেন। আমরাও তাই করেছি। সব সময় চেয়ে এসেছি, পূজার দিনগুলো আনন্দে কাটুক, খুশিতে কাটুক। সবাইকে পূজার শুভেচ্ছা।’
তবে পূজার আনন্দের মাঝেও মায়ের অভাব অনুভব করেন অপু বিশ্বাস। কয়েক বছর আগে মাকে হারিয়েছেন তিনি। উৎসবের দিন ঘনিয়ে এলেই মায়ের সঙ্গে কাটানো সময়গুলো আরও বেশি মনে পড়ে। বিশেষ করে মায়ের হাতের রান্না করা পায়েসের স্মৃতি তাকে আবেগপ্রবণ করে তোলে। অভিনেত্রী বলেন, ‘মা নেই কয়েক বছর হলো। যখন পূজার দিন ঘনিয়ে আসে, তখনই মাকে খুব মনে পড়ে। মায়ের হাতের পায়েস আর পাব না। মায়ের হাতের পায়েসের কথা মনে পড়ে। মা স্পেশাল পায়েস রান্না করতেন। ওই দিনগুলো মধুর ছিল।’
গত ১১ অক্টোবর ছিল অপু বিশ্বাসের জন্মদিন। এবারের জন্মদিনে সবচেয়ে বড় উপহার হিসেবে পেয়েছেন ছেলের ভালোবাসা। নিজের জমানো টাকা দিয়ে মায়ের জন্য কেক কিনে জন্মদিনে চমকে দেয় তার ছেলে। সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘জন্মদিনে বড় সারপ্রাইজ ছিল আমার ছেলের কেক কেনা। সে টাকা জমিয়ে আমার জন্য কেক কিনেছে এবং জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে। আমি খুব আপ্লুত হয়েছি। ছেলের ভালোবাসায় আমার মনটা আনন্দে ভরে গেছে।’
জন্মদিনে শুধু ছেলের কাছ থেকেই নয়, ভালোবাসা পেয়েছেন নিজের কর্মস্থলের মানুষ ও ভক্তদের কাছ থেকেও। নিজের পার্লারে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। তাদেরও পরিবারের সদস্য মনে করেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পার্লারে যারা কাজ করেন, তাদের নিয়েও কেক কেটেছি। তারা আয়োজন করেছেন। তারাও আমার পরিবার। ভক্তরাও কেক কাটেন, এটা তো আরও ভালো লাগে।’
দীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত অপু বিশ্বাসের প্রত্যাশা, দেশের চলচ্চিত্র আবারও সুদিন ফিরে পাবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘সিনেমার জন্যই আজকের আমি। ঢাকাই সিনেমার সুন্দর দিন দেখতে চাই। আমারও অনেক পরিকল্পনা আছে সিনেমা নিয়ে। আশা করছি, আগামীতে ভালো কিছু হবে।’
মূল প্রতিবেদনে যান ↗