ঢাকা,২২ অক্টোবর-আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তাঁর মনে হচ্ছে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকলে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বাচনে অংশ নিতে পারেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং এটি প্রয়োজন। গত ১৭ বছরে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। সারা দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলেও এখানে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস রয়েছে বলে দেখা যাচ্ছে। তাঁর আশা, ভোলায় আরও গ্যাসের মজুত রয়েছে। ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে ভোলার মানুষ কষ্ট করছেন। গ্যাস তাঁদের ন্যায্য অধিকার এবং এটি তাঁদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ অক্টোবর ২০২৬
