গ্রেপ্তার কাওসার আহমেদ। ছবি: সংগৃহীত
-->ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণ না পেয়ে কৃষি ব্যাংকের একটি শাখা থেকে টাকা লুটের চেষ্টার অভিযোগে কাওসার আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক মামলা করেছেন। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি।
আরও পড়ুন
মামলার নথি ও ব্যাংক সূত্রে জানা গেছে, গভীর রাতে ব্যাংকের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কাওসার। তখন ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম সাগর ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তার কাছে ব্যাংকের টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চান কাওসার। একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে তাঁকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর ভল্টের তালা ভাঙার চেষ্টা শুরু করেন। হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় নিরাপত্তাকর্মী দড়ি খুলে নিজেকে মুক্ত করেন।পরে নিচে নেমে চিৎকার শুরু করলে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। তাদের সহযোগিতায় কাওসারকে আটক করা হয়।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম সাগর বলেন, ‘একটু ঢিলেঢালাভাবে বাঁধা হয়েছিল। তাই খুলতে পেরেছি। বাঁধন খুলে তাৎক্ষণিক নিচে নেমে চিৎকার করে লোকজন জড়ো করে কাওসারকে আটকানো হয়।’
আরও পড়ুন
ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি। ভল্টেরও কোনো ক্ষতি হয়নি। তবে ওই যুবক আগে কখনও ঋণের জন্য ব্যাংকে এসেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কাওসার তাদের শাখায় ঋণ নিতে আসেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছে, প্রায় দুই লাখ টাকা ঋণ ছিল তার। কয়েক মাস আগে বিয়ের সময় এ ঋণ করেছিলেন। দুই লাখ টাকা ঋণ পেতে ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের একটি শাখায় গিয়েছিলেন কাওসার। কিন্তু ঋণ না পেয়ে তিনি ‘ব্যাংক লুটের’ পরিকল্পনা করেন। এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে।
কামরুজ্জামান মিন্টু/এএফ
