তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকারের নেওয়া ‘উদ্যোগ’ প্রকল্প থেকে ঋণ পেতে প্রথম পর্যায়ে ৮ জেলায় আবেদন পড়েছে ১৮ হাজার ৪৪৪টি।
মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা— এই আট জেলার বিভিন্ন ব্যাংকের শাখায় এসব আবেদন জমা পড়ার তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়।
আগামী ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলায় আবেদন গ্রহণ করা হবে কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোণায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন পড়ে। এর পরই রংপুর জেলায় ২ হাজার ৭৪৫টি ও নওগাঁয় ২ হাজার ৪৫৬টি আবেদন পড়ে।
এছাড়া মানিকগঞ্জে এক হাজার ৩৪৩টি, ফেনীতে এক হাজার ২৬১টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় এক হাজার ৫৪৫টি ও হবিগঞ্জে এক হাজার ৫৫২টি আবেদন জমা হয়।
উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তাদের অর্থায়ন করতে গত ১৬ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায় এ অর্থায়ন নিতে পারবেন উদ্যোক্তরা।
এতে অর্থায়নের সর্বোচ্চ পরিমাণ হবে ২০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে, বাকিটা ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা।
ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে দেওয়া অর্থের পুরোটা ঋণে রুপান্তরিত হয়ে যাবে।
অর্থাৎ অনুদান নিশ্চিত করতে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে উদ্যোক্তাকে।
অর্থায়ন পেতে উপজেলার যেকোনো বাণিজ্যিক ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে। এজন্য উপজেলাভিত্তিক একটি লিড ব্যাংক ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকই সব ব্যাংকে জমা হওয়া আবেদন যাচাই-বাছাই করতে নেতৃত্ব দিবে।
এছাড়ও আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও বাণিজিক ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
